ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইউক্রেনে কিয়েভে সোভিয়েত আমলের যুদ্ধবিমান পাঠাচ্ছে পোল্যান্ড-যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান একাদশ দিনে গড়িয়েছে। রুশ সেনাবাহিনীর ব্যাপক আক্রমণের মুখে অনেকটাই বিপর্যস্ত পূর্ব ইউরোপের দেশটি। সংকটময় এমন পরিস্থিতিতে মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে কিয়েভে সোভিয়েত আমলের যুদ্ধবিমান পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র এবং পোল্যান্ড।


রবিবার (৬ মার্চ) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে সৈন্য না পাঠালেও সহায়তা করতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে যাচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো। এরই ধারাবাহিকতায় পরিকল্পনাটি হাতে নিয়েছে দেশ দুটি।


বিবিসি নিউজ জানিয়েছে, পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তির বিষয়ে বিবেচনা করছেন মার্কিন কর্মকর্তারা। যার মাধ্যমে সোভিয়েত আমলের কিছু যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে পোল্যান্ড। বিনিময়ে যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান দেবে।


যুক্তরাষ্ট্রের ৩০০ জনের অধিক সিনেটরের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কির বৈঠকে তিনি জানিয়েছেন, তার দেশের জরুরি ভিত্তিতে এখন অনেক যুদ্ধবিমানের দরকার। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে বলেছেন, আমরা বিষয়টি নিয়ে পোলিশদের সঙ্গে কাজ করছি এবং সামরিক জোট ন্যাটোর অন্য দেশগুলোর সঙ্গেও কথা বলছি।


অবশ্য পোল্যান্ড যদি ইউক্রেনকে বিমান সরবরাহ করে, সেটি পূরণে যুক্তরাষ্ট্র ঠিক কি করবে, তা নিয়েই বিশেষ করে আলোচনা চলছে। ইউক্রেনের পাইলটদের বিশেষ করে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান দরকার। কারণ তারা এ ধরনের বিমান চালনায় প্রশিক্ষিত।


হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। প্রায় আধাঘণ্টার ওই ফোনালাপে তিনি ইউক্রেনের জন্য নিরাপত্তা, মানবিক এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।


এছাড়া অতিরিক্ত তহবিল বরাদ্দের জন্য কংগ্রেসের সঙ্গে আলোচনা করছেন বলেও জানিয়েছেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑